Rohit and Hardik: একদিনের সিরিজে দেখা যাবে রোহিত-হার্দিককে?
আইপিএল-এর সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত শর্মা। চোট সারিয়ে শেষ দিকের কয়েকটি ম্যাচে শুধু ব্যাট করেছিলেন রোহিত তবে ছিলেন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে।
রোহিত-হার্দিককে নিয়ে তৈরি ধোঁয়াশা: আফগানিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের পর এখন ভারতের সামনে মূল লক্ষ্য একদিনের সিরিজ। এছাড়াও ওয়ানডে সিরিজে এই মুহূর্তে বেহি গুরুত্ব দেওয়ার কারণ ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ। আইপিএল শেষে সমর্থকরা মুখিয়ে ছিলেন দেশের জার্সি গায়ে রো-কো জুটিকে দেখার জন্য। তবে এর আগেই সামনে এসেছে বিরাট কোহলির ছিটকে যাওয়ার কথা আর তার ফলে সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে হতাশা।
আইপিএল চলাকালীন চোটের কবলে পড়তে হয়েছিল রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়াও। দুজনেই মুম্বইয়ের হয়ে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছিলেন। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে দুজনের ফিটনেস নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার ছাড়পত্র পাবেন না এই দুই অভিজ্ঞ তারকা। এই আবহে এই দুই তারকাকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
তবে আফগানদের বিরুদ্ধে রেকর্ড ব্যবধানে টেস্ট জয়ের পর আশার কথা শোনালো শীতাংশু কোটাক। ভারতের ব্যাটিং কোচ জানিয়েছেন আফগানদের বিরুদ্ধে রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার খেলার সম্ভাবনা রয়েছে তবে সিরিজের আগে সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানানো যাচ্ছে না। ফলে যে সংশয় তৈরি হয়েছিল সেটা থেকেই গেল।
আরও পড়ুন : Virat kohli: বিরাট কোহলির বিকল্প হিসাবে জল্পনায় তিন তরুণের নাম
চোটের পর দুজনকেই বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্স-এ যাওয়ার নির্দেশ দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই কারণেই এই দুই অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে ভক্তদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে হার্দিক আগেই চলে গেছিলেন কিন্তু রোহিতের সময় মত না পৌঁছানো নিয়েও অনেক প্রশ্ন দানা বেঁধেছিল সমর্থকদের মনে। অবশেষে তিনি যোগ দিয়েছেন খবর সামনে আসায় কিছুটা স্বস্তি পেয়েছিলেন ভক্তরা।
সোমবার কোটাক বলেছেন, ‘রোহিত এবং হার্দিকের ফিটনেস এই মুহূর্তে ঠিক কেমন, তা বলতে পারব না। সিওই থেকে ছাড়পত্র পেয়েছে বলে শুনিনি। নিয়ম অনুযায়ী দু’জনকেই ফিটনেস পরীক্ষা দিতে হবে। তবে শুনেছি, দু’জনেই ভাল জায়গায় রয়েছে।’ তিনি আরও বলেছেন, ‘এক দিনের দলের ক্রিকেটারেরা সোমবার থেকেই আসবে নিউ চণ্ডীগড়ে । বুধবার বিকালে এখানে হালকা অনুশীলন করব আমরা। সে দিনই সব পরিষ্কার যাবে। আমরা ধর্মশালায় যাব বৃহস্পতিবার।’
আরও পড়ুন : CSK-র আইপিএল বিদায়, একটিও ম্যাচে দেখা গেল না মাহিকে
আইপিএল-এ অন্যতম সেরা ফর্মে ছিলেন বিরাট কোহলি। মুম্বই বিরুদ্ধে ম্যাচ খেলার সময় চোট পান বিরাট। তবে সেই চোট নিয়েই খেলা চালিয়ে গেছিলেন কিং কোহলি। এমনকি ফাইনাল ম্যাচেও গুজরাটের বিরুদ্বে একা হাতে দলকে জেতান বিরাট। কিন্তু তারপর চোটের কারণে তাঁর না খেলার খবরে কিছুটা হলেও উদ্বেগ বাড়ছে। অন্যদিকে আইপিএল-এ হার্দিক একদমই ভাল ফর্মে ছিলেন না। অধিনায়কত্ব এবং ব্যাটিং-বোলিং নিয়ে পড়তে হয়েছিল সমালোচনার মুখে। এখন দেখার রোহিত এবং হার্দিককে সেই আগের ছন্দে মাঠে নামতে দেখা যায় কিনা।

হ্যালো! আমি Samapti, একজন ক্রিয়েটিভ কনটেন্ট নির্মাতা এবং ডিজিটাল স্টোরিটেলার। আমি আইডিয়াগুলোকে এমনভাবে উপস্থাপন করতে পছন্দ করি, যাতে কেবল তথ্যপূর্ণ নয়, পাঠকের জন্য আকর্ষণীয় এবং সহজে বোধ্যও হয়।
